রাউজান কাগতিয়া গোলজার পাড়ায় ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত

সুষ্ঠু সমাজ বিনির্মাণে মানুষের অভ্যন্তরীণ পরিশুদ্ধি অর্জন করা অপরিহার্য -মাননীয় মোর্শেদে আজম (মা.জি.আ.)

বর্তমান সময়ে মানুষ দুনিয়াদারির মোহে পড়ে দ্বীন-ইসলাম থেকে অনেক দূরে সরে যাচ্ছে। ইসলামের মধ্যে বিভিন্ন মতবাদ, অপসংস্কৃতি ও কুসংস্কারের অনুপ্রবেশে আল্লাহ তা’আলার ভয় এবং রাসুলুল্লাহ (দ.) এর সুন্নাত ও আদর্শ থেকে বিচ্যূত হয়ে পড়ে। ফলে সমাজে বেড়েই চলছে অন্যায়, অত্যাচার, পাপাচার, লোভ-হিংসা। এমন গোমরাহির ফলে পথ হারানো মুসলিম মিল্লাতকে হেদায়াতের আলোয় উদ্ভাসিত করে সঠিক দ্বীন-ইসলামের পথে ফিরিয়ে আনতে অবিস্মরণীয় ভূমিকা পালন করেছেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু। তিনি মানুষকে রাসূলে পাক (দ.) এর বাতেনি নূর ও ফয়েজে কুরআন প্রদানের মাধ্যমে আত্মশুদ্ধি করে আলোকিত মানুষ তৈরি করেছেন। এইভাবে সুষ্ঠু সমাজ বিনির্মাণে মানুষের অভ্যন্তরীণ পরিশুদ্ধি অর্জন করা অপরিহার্য।

গত বুধবার (৯ সেপ্টেম্বর) বাদে আসর হতে রাউজান কাগতিয়া গোলজার পাড়া বায়তুস সালাম জামে মসজিদ প্রাঙ্গণে গোলজারপাড়া জাগরণী যুব সংঘ উদ্যোগে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তা'আলা আলাইহি ওয়া সাল্লাম উদযাপন ও খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু তা'আলা আনহুর স্মরণে আয়োজিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মাননীয় মোর্শেদ, আওলাদে রাসূল (দ.) হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব এসব কথা বলেন।

মাহফিলে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বদিউল আলম,মাওলানা মুহাম্মদ আবদুস সবুর ও মাওলানা মুহাম্মদ লোকমান।

মিলাদ কিয়াম শেষে দেশের উন্নতি ও অগ্রগতি এবং দরবারের প্রতিষ্ঠাতা খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু তা'আলা আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।